রশীদ হায়দারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক, প্রখ্যাত লেখক ও গবেষক এবং বাংলা একাডেমির সাবেক পরিচালক রশীদ হায়দারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় মঙ্গলবার শেখ হাসিনা বলেন, “মহান মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা কর্ম এবং বাংলা সাহিত্যে অবদানের জন্য রশীদ হায়দার স্মরণীয় হয়ে থাকবেন।”

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বাংলা একাডেমি ও উদীচী শিল্পী গোষ্ঠী।

এ দিকে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বাংলা একাডেমির পক্ষ থেকে রশীদ হায়দারের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

রশীদ হায়দার মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে রাজধানীর নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বয়স হয়েছিল ৭৯ বছর।