করোনা: স্ত্রীসহ মেয়র আতিক হাসপাতালে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলামও ভর্তি হয়েছেন হাসপাতালে। তিনিও কোভিড-১৯ আক্রান্ত।

মঙ্গলবার বিকালে তারা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন।

রবিবার নমুনা পরীক্ষার পর আতিক ও শায়লা উভয়েরই সংক্রমণ ধরা পড়েছিল। তবে তেমন সমস্যা না হওয়ায় তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ জানান, মেয়র আতিক ও তার স্ত্রীকে কেবিনে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, উনারা মাত্র এসেছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর বলা যাবে সংক্রমণ কোন পর্যায়ে আছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন সোমবার মেয়র ও তার স্ত্রীর আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন। সেদিন পরে মামুনেরও কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে।