শিগগিরই যুক্তরাষ্ট্র-জাপানসহ বিভিন্ন রুটে ফ্লাইট চালু করবে বিমান

শিগগিরই যুক্তরাষ্ট্র, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে বিমান বাংলাদেশ ফ্লাইট চালু করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এ লক্ষ্যে সরকার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে জানিয়ে তিনি বলেন, আরও কিছু আনুষ্ঠানিকতা শেষ করে নতুন নতুন আন্তর্জাতিক রুটে বাংলাদেশ বিমান তার যাত্রা শুরু করবে।

মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত আন্তর্জাতিক বহির্গমন লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের যেকোনো প্রান্তে পর্যাপ্ত যাত্রী থাকলে সেখান থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট যাবে এবং আসবে।

মাহবুব আলী বলেন, সিলেট থেকে শুধু লন্ডন সরাসরি ফ্লাইট নয় প্রয়োজনীয়তা বিবেচনা করে পর্যায়ক্রমে অন্যান্য আন্তর্জাতিক রুটে ও সরাসরি ফ্লাইট চালু করা হবে।

তিনি জানান, শিগগিরই সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ফ্লাইট চালু করবে বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমান বহরে নতুন আরও তিনটি নতুন বিমান যোগ হওয়ার পরপরই সেটা চালু করা হবে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন ও নির্দেশনায় পর্যটন এলাকা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হচ্ছে। এ বিমানবন্দর হবে এই অঞ্চলের একটি রিজিওনাল হাব। সে লক্ষ্য নিয়ে কাজ করছে তার মন্ত্রণালয়।