ফোঁড়া ত্বকের খুব সাধারণ একটি সমস্যা। জীবাণু সংক্রমণের কারণে ত্বকের ওপর ওঠা ছোট, শক্ত ও লাল পিণ্ড, যার ভেতরে পুঁজ জমে থাকে তাকে আমরা ফোঁড়া বলি। বেশির ভাগ সময় এক থেকে দুই সপ্তাহের ভেতর যেকোনো ফোঁড়া আপনাতেই সেরে যায়। তবে কখনো কখনো ফোঁড়ায় প্রচণ্ড ব্যথা হলে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করতে পারে। অনেক সময়ই ফোঁড়া সেরে গিয়ে বারবার হতে থাকে। বারবার ফোঁড়া হওয়া অনেক সময় জটিল রোগের লক্ষণ প্রকাশ করে।
যেসব কারণে ফোঁড়া
বারবার হতে পারে
দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা।
ডায়াবেটিস।
ক্যানসারের রোগী, যিনি কেমোথেরাপি গ্রহণ করছেন।
কোনো অটোইমিউন ডিজিজ থেকে থাকলে। শরীরের একই স্থানে বারবার এবং একসঙ্গে একাধিক ফোঁড়া কারবাংকল (Carbuncle)) রোগের নির্দেশক হতে পারে। এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে।
কখন চিকিৎসকের কাছে
যাওয়া জরুরি
দু-তিনবার ফোঁড়া হলে সেটি তেমন বড় সমস্যা নয়। কিন্তু কয়েকটি লক্ষণ আছে, যেগুলো দেখলে বুঝতে হবে চিকিৎসকের কাছে যেতে হবে কি না। লক্ষণগুলো হচ্ছে
শরীরের বিভিন্ন জায়গায় বা একই স্থানে বারবার ফোঁড়া হলে।
ফোঁড়ায় অতিরিক্ত ব্যথা হলে।
ব্যথার সঙ্গে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা ইত্যাদি থাকলে।
ফোঁড়া থেকে কোনো ধরনের অতিরিক্ত রক্তপাত হতে থাকলে।
দুই সপ্তাহ পরেও ফোঁড়া নিজে থেকে না সারলে। এ ক্ষেত্রে ছোট অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
খেয়াল রাখতে হবে
কখনোই ঘরে বসে জোর করে বা ধারালো কিছু দিয়ে ফোঁড়া গলানোর চেষ্টা করা যাবে না।
ফোঁড়ায় নখ লাগানো যাবে না।
ফোঁড়ায় কুসুম-গরম পানিতে কাপড় ভিজিয়ে ভাপ দেওয়া যেতে পারে।
ফোঁড়া প্রতিরোধে সব সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ফোঁড়া সাধারণ সমস্যা হলেও এর সংক্রমণ কোনোভাবে রক্ত ছড়িয়ে পড়লে মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই ফোঁড়া নিয়ে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।
ফোঁড়া হলে অস্ত্রোপচার করতে হয় এই ভয়ে অনেকেই বাড়িতে নানাভাবে কাটাছেঁড়া করার চেষ্টা করেন, যা একদমই উচিত নয়। ফোঁড়া হলে সব ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। যাদের অস্ত্রোপচার আসলেই দরকার, তারা সঠিক সময়ে করিয়ে নিলে সহজেই সুস্থ হয়ে ওঠেন। বারবার এ সমস্যার সম্মুখীন হলে চিকিৎসকের কাছে যান। অস্ত্রোপচার করতে হবে কি না বা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ সেবনেই আপনি সুস্থ হবেন কি না, সে বিষয়ে চিকিৎসকই সঠিক পরামর্শ দিতে পারেন।