কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. সায়েমুল হুদা

বাংলাদেশের প্রসিদ্ধ লোকসংগীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা। গতকাল মঙ্গলবার কাঙ্গালিনী সুফিয়া সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে এলে এ ঘোষণা দেন ডা. সায়েমুল হুদা।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বলেন, বেসরকারি একটি টেলিভিশনের প্রতিবেদনে কাঙ্গালিনী সুফিয়ার (মায়ের) অসহায়ত্বের জীবনকাহিনী দেখার পর থেকেই ভাবছিলাম মায়ের দায়িত্ব নেব। ভাগ্যক্রমে আমার মায়ের নামও সুফিয়া। মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে এলে তিনি আমাকে ছেলে ডেকেছেন আমি উনাকে মায়ের আসনে রেখেছি। দায়িত্ব নিয়েছি উনার সকল প্রকার চিকিৎসাসেবা প্রদানের। মায়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা।

এদিকে ডা. মোহাম্মদ সায়েমুল হুদার ব্যবহারে সন্তুষ্ট হয়ে কাঙ্গালিনী সুফিয়া তাকে ‘মা’ নামের একটি অ্যালবাম উপহার দেন এবং উপস্থিত সকলকে তার বিখ্যাত গান ‘পরানের বান্ধবরে, বুড়ি হইলাম তোর কারণে’ গেয়ে মুগ্ধ করেন।

জানতে চাইলে কাঙ্গালিনী সুফিয়া বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার মায়ের নামও সুফিয়া। তাই এখন থেকে আমি একজন ছেলে পেয়ে গেলাম, যে কি-না আমার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে।