নারীকে তুলে নিয়ে সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২১০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ছাত্রত্ব বাতিল হওয়া চার শিক্ষার্থী হলেন বিএসএস ডিগ্রি পাসকোর্সের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনিয়মিত ছাত্র সাইফুর রহমান (২৮), ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের নিয়মিত শিক্ষার্থী শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫), বিএসএস ডিগ্রি পাসকোর্সের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী রবিউল ইসলাম (২৫) এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের নিয়মিত শিক্ষার্থী মাহফুজুর রহমান (২৫)।
গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনা তদন্তে গত ৩০ সেপ্টেম্বর এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। তদন্তে উল্লিখিত চার শিক্ষার্থীর ধর্ষণে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।
সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ। সভায় ধর্ষণের ওই ন্যক্কারজনক ও বর্বর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা এবং ক্ষোভপ্রকাশ করেন সিন্ডিকেট সদস্যরা।