গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াকে বহিষ্কৃত সাধারণ সম্পাদক উল্লেখ করে আইনি নোটিস পাঠিয়েছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, সাবেক নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী ও জগলুল হায়দার আফ্রিক। গতকাল মঙ্গলবার বিকেলে এ চার নেতার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হেলাল উদ্দিন এ নোটিস পাঠান বলে গণমাধ্যমকে জানিয়েছেন এই চার নেতা। তারা আরও বলেন, আইনি নোটিসের অনুলিপি গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের কাছেও পাঠানো হয়েছে।
নোটিসে ড. রেজা কিবরিয়াকে বহিষ্কৃত সাধারণ সম্পাদক, গণফোরাম উল্লেখপূর্বক হেলাল উদ্দিন জানান, গণফোরামের সাধারণ সম্পাদকের পদ দখল করে রাখার কোনো নৈতিক কিংবা গঠনতান্ত্রিক কোনো অধিকার আপনার নেই। আপনি গণফোরাম থেকে বহিষ্কৃত হয়েও সংগঠনের সাধারণ সম্পাদকের ভুয়া ও মিথ্যা পরিচয়ে আমার মোয়াক্কেলদের কথিত কারণ দর্শানোর নোটিস দিয়ে চরম ধৃষ্টতার পরিচয় ও প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং সেই সঙ্গে আমার সম্মানিত মোয়াক্কেলদের সম্মানহানি ঘটিয়েছেন।