জাতীয় যুব পরিবার পরিকল্পনা সম্মেলন ১৬ অক্টোবর শুরু

আগামী ১৬ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শুরু হচ্ছে স্বাস্থ্য অধিকার এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক ‘বাংলাদেশ ৫ম জাতীয় যুব পরিবার পরিকল্পনা সম্মেলন’। দুদিনব্যাপী চলবে এ অনুষ্ঠান।

গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে সিরাক বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিরাক-বাংলাদেশের উদ্যোগে এই যুব সম্মেলনটি ২০১৬ সাল থেকে শুরু হয়ে এ বছর ৫ম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। যার মাধ্যমে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার এবং পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে ভূমিকা রেখে চলেছে।

সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৫০০ কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী আটটি প্ল্যানারি সেশন, তিনটি প্যারালাল সেশন, নেটওয়ার্কিং, দক্ষতা উন্নয়ন ট্রেনিং সেশনসহ বিভিন্ন আয়োজনে ভার্চুয়ালি অংশগ্রহণ করার কথা রয়েছে।