‘লড়াই চলবে’-মুক্তি পেয়েই টুইটারে সরব মেহবুবা মুফতি

জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বন্দিদশা থেকে মুক্তি পেয়েই ফের আন্দোলনের হুমকি দিয়েছেন।

১৪ মাস পর মঙ্গলবার ভিডিও বার্তায় রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেছেন, ‘কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহার বেআইনি। এর বিরুদ্ধে লড়াই চলবেই।’

গত বছর কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার করার ঠিক আগে আগে মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাসহ একাধিক স্থানীয় নেতানেত্রীকে আটক করে বিজেপি সরকার। পরে তাদের গৃহবন্দী করে রাখা হয়। কিছুদিন আগে আবদুল্লাহরা মুক্তি পেলেও গতকাল পর্যন্ত বন্দি ছিলেন মুফতি। এদিন রাতেই তাকে মুক্তি দেয় কাশ্মীর প্রশাসন।

পিডিপি নেত্রী যে ভিডিও পোস্ট করেছেন, সেখানে তার মুখ দেখা যায়নি। ব্ল্যাকআউট ভিডিওর ক্যাপশনে লিখেছেন, আমার মানুষদের জন্য ছোট একটা বার্তা।

‘এক বছর পর বেআইনি বন্দিদশা থেকে মুক্তি পেয়ে খানিকটা স্বস্তি পেলাম। এতদিন ওই কালো দিনে নেওয়া কালো সিদ্ধান্ত (৩৭০ ধারা বাতিল) সবসময় আমাকে কষ্ট দিয়েছে। আর আমার বিশ্বাস কাশ্মীরের সব মানুষেরই সেটা মনে হয়েছে। সরকারের এই অত্যাচার বেশির ভাগ মানুষই সহ্য করবে না।’

‘কাশ্মীরের মানুষ একত্রিত হয়ে এই লড়াইয়ে শামিল হবে। এই একটা ইস্যুর জন্য হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে। সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতেই হবে।’

রাজনৈতিকভাবে মুফতির পুরোপুরি বিপরীত মেরুতে থাকলেও বন্দিদশা অনেকটা কাছাকাছি এনে দিয়েছে আবদুল্লাহদের। মেহবুবার মুক্তির খবরে তাই সন্তোষ প্রকাশ করেছেন ওমর আবদুল্লাহও। টুইটে বলেন, ‘মেহবুবা মুফতি মুক্তি পাওয়ায় আমি খুশি। দীর্ঘদিন ধরে তার এই বন্দিদশা গণতন্ত্রের মূল ভাবধারার বিরোধী ছিল। তাকে স্বাগত জানাই।’