রাজধানী ঢাকার ভাটারায় একটি মাদ্রাসায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে তাবলিগের দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী ও মাওলানা জুবায়ের আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
ভাটারার ছোলমাইদ পশ্চিম ঢালিবাড়ি এলাকার ‘আল মাদরাসাতুল মঈনুল ইসলামে’ মঙ্গলবার রাতে এশার নামাজের পর এ সংঘর্ষে কয়েকজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল হক দেশ রূপান্তরকে বলেন, মাদ্রাসা দখল নিয়ে মুসল্লিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একাধিক মুসল্লি আহত হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (গণমাধ্যম) ওয়ালিদ হোসেন বলেন, সংঘর্ষের পর তারা নিজেরাই মিটমাট করে নিয়েছে। ফলে কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।
নেতৃত্বের দ্বন্দ্বে কয়েক বছর ধরেই বিভক্ত তাবলিগ জামাতের দুই পক্ষ এর আগেও বিভিন্ন সময় সংঘর্ষে জড়িয়েছে।
এই বিভক্তির কারণে টঙ্গীতে বিশ্ব ইজতেমার তুই পর্বে আলাদাভাবে অংশ নেন দুই পক্ষের অনুসারীরা।