স্বাস্থ্য বিধি মেনে শুক্রবার সন্ধ্যায় ‘তৃতীয় একজন’

সদ্য প্রয়াত নাট্যকার সমীর দাসগুপ্ত স্মরণে শুক্রবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মঞ্চে প্রদর্শিত হতে যাচ্ছে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক ‘তৃতীয় একজন’।

সমীর দাশ গুপ্ত রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। অভিনয় করছেন অনন্ত হিরা ও রওশন জান্নাত রুশনী।

শব্দ নাট্যচর্চার কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, করোনার ভয়কে জয় করে স্বাস্থ্য বিধি মেনে মঞ্চায়িত হবে ‘তৃতীয় একজন’।

নাটকের গল্প এমন— সামীর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ও তার স্ত্রী তুলি শিক্ষিতা তথাপি শুধুই গৃহিণী। একাকী, নিঃসঙ্গ এক নারী। যে তুলি এক সময় তুখোড় নাচতো ডক্টরেট করে নিজের ক্যারিয়ার করার স্বপ্ন দেখতো, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে খুবই লোভনীয় চাকরি পেয়েও সামীরের আপত্তির কারণে চাকরি করা থেকে বিরত থেকেছে। সেই তুলি যখন স্বামীর সংসারে চার দেয়ালে বন্দী এক অস্তিত্বহীন সত্তা হয়ে কেবলই ডানা ঝাপটাতে থাকে তখন সামীর ব্যস্ত নিজের ক্যারিয়ার আর লেখক হিসেবে নিজের আকাশচুম্বী জনপ্রিয়তা গড়ে তোলার দৌড়ে।

‘তৃতীয় একজন’ সামীরের ব্যস্ততা ও তুলির নিঃসঙ্গ একাকী জীবনের ভেতর তৃতীয় একজনের ঢুকে পড়ার গল্প। সেই তৃতীয় একজনের নাম বিবেক। সে আবার তুলির পূর্ব পরিচিত।

এই তৃতীয় একজন তুলির সঙ্গে একসময় একই গুরুর কাছে নাচ শিখতো, তুলিকে খুবই পছন্দ করতো— তুলি ডক্টরেট করে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক হবে স্বপ্ন দেখতো এবং সেই তৃতীয় একজন তুলির নাচ ছেড়ে দেওয়ার কারণে ভীষণভাবে কষ্টও পেয়েছিল। সেই তৃতীয় একজন একদিন হঠাৎ করেই উপস্থিত হয় তুলির বাসায় সামীরের অনুপস্থিতিতে এবং তারপর থেকে প্রায় প্রতিনিয়তই আসতে থাকে। তুলির নিঃসঙ্গ একাকী গুমোট অন্ধকার জীবনে তৃতীয় একজন হঠাৎ করে উড়ে আসা একটা জোনাকি। তারপর কী ঘটবে?

নাটকটির আলোক পরিকল্পনা ঠান্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনা আলি আহম্মেদ মুকুল, আবহসংগীত পরিকল্পনা রামিজ রাজু, পোশাক পরিকল্পনা নূনা আফরোজ ও কোরিওগ্রাফি ইষ্টের সুমি এবং প্রযোজনা সমন্বয়ে খোরশেদুল আলম।