ডা. আব্দুল ওয়াহাবকে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হলো

করোনা পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. আব্দুল ওয়াহাবকে গুরুতর অবস্থায় বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এডব্লিউ-১৩৯ হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়।

বিমানবাহিনীর ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমানবাহিনী করোনাভাইরাস প্রতিরোধে জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকোয়েশন সেবা দিচ্ছে। বিমানবাহিনী প্রধানের প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিকেল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়।

উল্লেখ্য, করোনা পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. আব্দুল ওয়াহাব ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে এসে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।