সাংসদ নিক্সনের বিচার চেয়েছেন প্রশাসনের কর্মকর্তারা, মামলা করবে ইসি

নির্বাচনী দায়িত্বপালনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গালি ও হুমকি দেওয়ার অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিচার চেয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)। অন্যদিকে, এ ঘটনায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এই সংগঠনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ এবং মহাসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

এর আগে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার ওই ঘটনা মন্ত্রিপরিষদ বিভাগকে জানালে সেটি নির্বাচন কমিশনে পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। এ অবস্থায় ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

চরভদ্রাসন উপজেলা পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা জানিয়েছেন আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এ মামলা করা হবে।

চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে গত শনিবার ফরিদপুরের ডিসিকে ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে স্বতন্ত্র সাংসদ মুজিবর রহমান চৌধুরীর বিরুদ্ধে। একই দিন চরভদ্রাসনের ইউএনওর ফোনে কল করে তিনি গালিগালাজ করেছেন ভাঙা উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি)। এই দুই ঘটনার ভিডিও চিত্র ও অডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

তবে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেছেন মুজিবর রহমান চৌধুরী নিক্সন। তার দাবি, হুমকি দেওয়ার যে অডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে, তা ‘সুপার এডিটেড’।