অভিযোগ প্রমাণিত হয়নি, নাট্যশিল্পীকে ধর্ষণের মামলায় প্রযোজক খালাস

অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি বলে ধর্ষণের অভিযোগে করা এক নাট্যশিল্পীর মামলার রায়ে খালাস পেয়েছেন টেলিভিশনের এক অনুষ্ঠান প্রযোজক।

বুধবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছুন্নাহার এ রায় দেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আলী আসগর স্বপন বলেন, বিচারক রায়ে বলেছেন, রাষ্ট্রপক্ষ মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণে ব্যর্থ হযেছে। সে কারণে আসামিকে খালাস দেওযা হল। রায়ের বিষয়ে বাদীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মামলার আসামি একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত থাকা অবস্থায় অভিযোগকারী ওই নাট্যশিল্পীর সঙ্গে পরিচয় হয়েছিল। 

মামলায় বলা হয়েছিল, পরিচয়ের একপর্যায়ে আসামি ওই নাট্যশিল্পীকে ভালোবাসার কথা জানায় এবং তাকে নাট্যকার হিসেবে গড়ে তুলতে সহায়তার আশ্বাস দিয়েছিলেন।

পরে নাটকের বিষয়ে প্রশিক্ষণের জন্য প্রায়ই তাকে তার বাসায় যেতে বলতেন। এর মধ্যে ২০১৮ সালের ২৬ অগাস্ট আসামির অফিসে গেলে বাদীকে ধর্ষণ করা হয়। বাদী তখন আইনের আশ্রয় নিতে চাইলে আসামি তাকে বিয়ের আশ্বাস দেন।

এভাবে অনেকবার শারীরিক সম্পর্ক গড়ার পরও ওই প্রযোজক বিয়ে না করে উল্টো হত্যার হুমকি দেন বলে ওই নাট্যশিল্পীর অভিযোগ।

এরপর তিনি ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর হাতিরঝিল থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। গত বছরের ৬ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। মামলায় ১৩ জন সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষ্য দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি স্বপন বলেন, মামলাটির সমস্ত সাক্ষ্যগ্রহণ হয়েছিল ঢাকার ৭ নম্বর ট্রাইবুনালে। এরপর ৫ নম্বর ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুনানির পর রায় হয়।