মুক্তি পেলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি মুক্তি পেয়েছেন। দীর্ঘ ১৪ মাস পর গত মঙ্গলবার রাতে তাকে মুক্তি দেওয়া হয় বলে খবর দিয়েছে এএফপি।

মুক্তির পর টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় মেহবুবা মুফতি রাজ্যবাসীর উদ্দেশে বলেন, ‘কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহার বেআইনি। এর বিরুদ্ধে লড়াই চলবে।’ ভিডিও পোস্টে তার মুখ দেখা যায়নি। ব্ল্যাকআউট ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার মানুষদের জন্য ছোট্ট একটি বার্তা। কালো দিনে নেওয়া কালো সিদ্ধান্ত (৩৭০ ধারা বাতিল) সব সময় আমাকে কষ্ট দিয়েছে। সরকারের এ অত্যাচার বেশিরভাগ মানুষ সহ্য করবে না। কাশ্মীরের মানুষ একত্র হয়ে লড়াই করবে। এই একটা ইস্যুর জন্য হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে। সরকারকে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতেই হবে।’গত বছরের আগস্টে সংবিধান থেকে ৩৭০ ধারা অবলুপ্তির মাধ্যমে সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়।