মোংলার বুড়িরডাঙ্গার বাসিন্দা দেলোয়ার হোসেনের অত্যাচার, নির্যাতন ও হয়রানি থেকে রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। গতকাল বুধবার সকালে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এলাকাবাসী অভিযোগ করে বলেন ‘১৯৭১ সালে নারী নির্যাতন, ডাকাতিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন দেলোয়ার হোসেন। দেশ স্বাধীনের পর তিনি জন্মস্থান বাগেরহাটের রাধাবল্লব এলাকা থেকে পালিয়ে অবস্থান নেন মোংলায়। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি ভুয়া কাজগপত্র দেখিয়ে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়ে যান। ভুয়া মুক্তিযোদ্ধা দেলোয়ার এখন গায়ের জোরে বুড়িরডাঙ্গা এলাকায় রামরাজত্ব কায়েম করেছেন। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলেছেন তিনি।’
বুড়িরডাঙ্গা এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নরেন্দ্রনাথ সরকার ও সুলিনা বিশ্বাস। এ সময় স্থানীয় শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে তারা সরকার মার্কেট এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন।
তবে দেলোয়ার হোসেন বলেন এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভুয়া।