পেলের সঙ্গে লড়াই নেইমার-মেসির

৭৭ ব্রাজিলের জার্সিতে ফুটবল সম্রাট পেলের ৯২ ম্যাচের গোল। দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ। কদিন আগে বিশ্বকাপ বাছাইপর্বে ৭১তম গোল করে ব্যবধান কমিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। তার ঠিক পরেই এখন নেইমার। বুধবার বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে ৬৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন নেইমার। পূর্বসূরি রোনালদো নাজারিওর ৬২ গোলকে পেছনে ফেলার পর ইনস্টাগ্রামে ব্রাজিলীয় কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি ‘ফেনোমেনন, আমার সমস্ত শ্রদ্ধা তোমার প্রতি।’ ২০১০ সালে অভিষেকের পর থেকে তিনি ১০৩তম ম্যাচ খেললেন মঙ্গলবার রাতে। রোনালদো ৬২ গোল করেছিলেন ৯৮ ম্যাচে।

কোচ তিতে প্রশংসায় ভাসিয়েছেন প্রিয় শিষ্যকে, ‘তাকে নিয়ে আমি যেটা বলতে পারি, তা হলো, তার নিজস্ব একটা অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে। সে নিজেই তীর, নিজেই ধনুক। এমন একজন খেলোয়াড়, যে সুযোগ তৈরি করে, আবার সুযোগ কাজেও লাগায়। যত সময় গড়াচ্ছে, সে ততই উন্নতি করছে, আরও ভালো করছে। পাশাপাশি সে পরিণতও হচ্ছে।’

তবে পূর্বসূরি কারও সঙ্গে নেইমারের তুলনা টানতে নারাজ তিতে, ‘ব্রাজিলে এক সময় ফেনোমেনন রোনালদো ছিল। রিভালদো, রোমারিও, বেবেতোও। তাদের প্রত্যেকের সেরা কিছু মুহূর্ত ছিল। তাছাড়া সময় পাল্টেছে। তাই একজনের সঙ্গে আরেকজনের তুলনা করাটা সমীচীন নয়।