ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে এক গৃহবধূ ও তার পরিবারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে রাজবাড়ির কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। গতকাল বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ স্বপ্না আক্তার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামী মো. হযরত শেখ ইউপি চেয়ারম্যান আবুল কালামের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করেন। এই সুবাদে চেয়ারম্যান তাদের বাড়িতে যাওয়া-আসা করতেন। এক সময় চেয়ারম্যানের কুনজর পড়ে তার ওপর। তিনি বিভিন্ন সময়ে আমাকে নানা প্রলোভন দেখিয়ে আপত্তিকর প্রস্তাব দিতে থাকেন। আমি তাতে রাজি না হয়ে বিষয়টি আমার স্বামীকে জানাই। এই কথা শুনে আমার স্বামী চেয়ারম্যানের কাছে জিজ্ঞাস করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে চেয়ারম্যান স্বামীকে হুমকি দিয়ে বলেন, ‘যে কোনো উপায় হোক তোর বউয়ের সর্বনাশ করব’। তিনি আরও বলেন, গত ১৬ মে রাতে আমার স্বামী ও শ্বশুর তারাবির নামাজ পড়তে মসজিদে গেলে চেয়ারম্যান তার লোকজন নিয়ে আমার বাড়িতে আসেন। আমি ঘরের বাইরে বের হলেই আমার মুখ, হাত-পা বেঁধে আমাকে শারীরিক নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে আমি কোনোভাবে মুখ খুলে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এলে চেয়ারম্যান তার লোকজন নিয়ে পালিয়ে যান।