নরসিংদীতে চাচা শ্বশুরের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

নরসিংদীতে পারিবারিক কলহের জেরে চাচা শ্বশুরের ছুরিকাঘাতে জরিনা বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলার মেঘনানদীবেষ্টিত চরাঞ্চল আলোকবালি ইউনিয়নের বাখরনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চাচা শ্বশুর আসাদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত জরিনা বেগম সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের বাখরনগর গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।

নিহতের স্বামী সেলিম মিয়া জানান, কয়েক বছর আগে পারিবারিকভাবে আমার বোন জোবেদা বেগমের সঙ্গে চাচা আসাদ মিয়ার ছেলে ইউসুফ মিয়ার বিয়ে হয়।

বিয়ের পর থেকেই জোবেদার সঙ্গে শাশুড়ি রেহেনা বেগমের বিভিন্ন পারিবারিক বিষয়ে ঝগড়া লেগেই থাকতো। কিছুদিন আগেও তাদের মাঝে ঝগড়া হয়।

তখন শাশুড়ি তার স্বামী ঢাকা থেকে বাড়ি ফিরলে সবাইকে হত্যার হুমকি দেন।

বৃহস্পতিবার সকালে জোবেদার শ্বশুর আসাদ মিয়া ঢাকা থেকে বাড়ি ফিরে নেশার জন্য টাকা দাবি করেন।

এ নিয়ে বাড়ির লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ সময় জোবেদাকে মারতে ছুরি নিয়ে তেড়ে যান আসাদ মিয়া। তখন ননদকে বাঁচাতে জরিনা বেগম এগিয়ে গেলে আসাদ মিয়া তাকে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতাউর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হবে।

এ ঘটনায় দুপুরে নিহতের ভাই আলামিন মিয়া বাদী হয়ে আসাদ মিয়া ও রেহেনা বেগমকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।