চট্টগ্রামের ফটিকছড়িতে হেলাল উদ্দিন (৩০) নামে দুই সন্তানের জনককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
বুধবার রাত দেড় টার দিকে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামের হোসেন মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে আটক করে।
নিহত হেলাল উদ্দিন নিশ্চিতপুর গ্রামের মৃত ফজল বারীর পুত্র। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।
নিহতের স্ত্রী সুলতানা রাজিয়া বলেন, ছোট দুটি শিশু নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব? আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসির দাবি করছি।
এ বিষয়ে নিহতের স্ত্রী সুলতানা রাজিয়া বাদী হয়ে ফটিকছড়ি থানায় আটক দুই জনকে প্রধান আসামি ও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তারা হত্যার কথা স্বীকার করেছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।