জাতীয় প্রবৃদ্ধির সুবিধা জনগণ নয়, হাতে গোনা কিছু লোক পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, পত্রিকায় বড় বড় হেডিং হচ্ছে যে, বিশ্বের যে ক’টা দেশের প্রবৃদ্ধি বেশি হবে তার প্রধান তিনটি দেশের একটি বাংলাদেশ। আমরা খুশি হই–প্রবৃদ্ধি ভালো, অবশ্যই ভালো। কিন্তু সেই প্রবৃদ্ধি কার জন্য, সেই প্রবৃদ্ধিতে কে উপকৃত হচ্ছে– সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন দেখি হাতে গোনা মাত্র কিছু লোক বাংলাদেশের এই প্রবৃদ্ধির দ্বারা উপকৃত তখন আমরা লজ্জিত হই। সেই প্রবৃদ্ধি জনগণের প্রবৃদ্ধি নয়। আমরা জনগণের প্রবৃদ্ধি চাই। আমরা চাই এমন প্রবৃদ্ধি হোক, যে প্রবৃদ্ধির ফসল জনগণ ভোগ করবে, যে প্রবৃদ্ধির ফলে জনগণের সুখ এবং শািন্ত নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, যে প্রবৃদ্ধি আমার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বাড়ায়, যে প্রবৃদ্ধির অর্থ সম্রাট-পাপিয়ারা লুট করে নিয়ে যায়, যে প্রবৃদ্ধির অর্থ সুইস ব্যাংকে জমা হয়, যে প্রবৃদ্ধির অর্থ দিয়ে কানাডায় বেগম পাড়া হয়, মালয়েশিয়া-থাইল্যান্ডে সেকেন্ড হোম হয়–ওই প্রবৃদ্ধি জনগণের কাম্য নয়।