পিরোজপুর ও হবিগঞ্জে দুই কারখানায় অগ্নিকান্ড

পিরোজপুরের বিসিক শিল্পনগরীতে শারমিন রোপ ফ্যাক্টরি নামে একটি সুতার কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার রাত ১২টার দিকে জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার মিয়ারহাট বন্দরের কৌড়িখাড়া এলাকায় বিসিক শিল্পনগরীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি সুতা কারখানাটির মালিক শাহ আলমের। এলাকাবাসী রাতে শারমিন রোপ ফ্যাক্টরিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন।

কারখানার ব্যবস্থাপক তোতা মিয়া বলেন, ফ্যাক্টরিতে পাটজাত, নাইলন, প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের তৈরি দড়ি তৈরি করে রাখা ছিল যা কাতার, মালয়েশিয়া নেপাল, ভারত, চীনসহ বিশ্বের প্রায় নয়টি দেশে রপ্তানি করা হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

অপরদিকে হবিগঞ্জের মাধবপুরে সায়হাম কটন অ্যান্ড ফয়সল স্পিনিং কারখানার তুলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। গত বুধবার মধ্যরাতে এ আগুনের সূত্রপাত হয়। তা নিয়ন্ত্রণে আনতে না আনতেই পাশের আরেকটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে।

মাধবপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা শিমুল মো. রফি জানান, বুধবার রাত সাড়ে ১২টায় আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। সকাল সাড়ে ৯টায় সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তুলার বিশাল স্তূপের ভেতরে আগুন বিক্ষিপ্তভাবে জ্বলছে। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দুদিন সময় লাগতে পারে।