মানিকগঞ্জে ধর্ষক-নিপীড়কদের উদ্দেশ্যে প্রতীকী ডাস্টবিন স্থাপন করে থুথু ও ময়লা নিক্ষেপ করেছে মানিকগঞ্জ জেলার কলেজ-বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। গতকাল বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ শহরে শহিদ রফিক চত্বরের পূর্ব পাশে মানিকগঞ্জ নিপীড়নবিরোধী ছাত্র জোটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ নিপীড়নবিরোধী ছাত্র জোটের আহ্বায়ক এম আর লিটন, সদস্য সচিব রাসেল আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, অনিকা হোসাইন, রোকনুজ্জামান রাসেল ও শাহিনুর রহমান এবং সদস্য জাকির হোসেন রুবেল ও মোহাম্মদ মাহবুবুল আলম।
এ সময় ধর্ষক-নিপীড়কদের ঘৃণা ও তাদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানায় নিপীড়নবিরোধী ছাত্র জোট। সংগঠনটির দাবি, পাঠ্যপুস্তকে নারীর প্রতি অবমাননা-বৈষম্যমূলক যেকোনো প্রবন্ধ, নিবন্ধ, পরিচ্ছদ, ছবি, নির্দেশনা ও শব্দচয়ন পরিহার করতে হবে। ধর্মীয়সহ সব ধরনের সভা-সমাবেশে নারীবিরোধী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে।