টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া-পাথরকাটা সড়কের জোড়ান মার্কেট থেকে নয়েজ বাজার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে ছয়টি গ্রামের জনসাধারণ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানায়, জোড়ান মার্কেট থেকে নয়েজ বাজার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তাটির আড়াই কিলোমিটারই কাঁচা। রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে মির্জাপুর উপজেলার আমরাতৈল, পেকুয়া, দরানীপাড়া ডৌহাতলী, হাতিবান্ধাসহ ৫-৬টি গ্রামের অন্তত দশ হাজার মানুষ মির্জাপুর উপজেলা সদর ও পাশর্^বর্তী সখিপুর উপজেলা সদরে যাতায়াত করে থাকেন। এছাড়া এই সড়ক দিয়ে প্রতিদিন দরানী পাড়া উচ্চ বিদ্যলয়, আমরাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খলিলুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থীরাসহ শত শত মানুষ চলাচল করেন। ওই এলাকার মানুষকে তাদের উৎপাদিত ফসল তিন কিলোমিটার পথ মাথায় বহন করে নিয়ে যেতে হয় পাশর্^বর্তী পাথরঘাটা, পেকুয়া, বাঁশতৈল ও তক্তারচালা হাটে। বাঁশতৈল গ্রামের বাসিন্দা আবদুল খালেক বলেন, রাস্তাটি এই এলাকার মানুষের চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানুষের ভোগান্তি দূর করতে রাস্তাটি পাকা করা জরুরি।
উপজেলা প্রকৌশলী আরিফুর রহমানের সঙ্গে সড়কটি নিয়ে কথা বললে তিনি বলেন, এই রাস্তা পাকাকরণের একটি প্রকল্পের প্রস্তাব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে জমা দেওয়া আছে।