কেসিসি মেয়র

শেখ হাসিনাই সর্বপ্রথম মুক্তিযোদ্ধা ভাতা চালু করেন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, শেখ হাসিনাই সর্বপ্রথম মুক্তিযোদ্ধাদের ভাতা ৩০০ টাকা দিয়ে শুরু করেছিলেন আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার টাকা। একমাত্র তার সরকারই মুক্তিযোদ্ধাদের অবদানের স্বীকৃতি ও অনুদান প্রথা চালু করেন। গতকাল বৃহস্পতিবার সকালে মোংলায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন ভবন উদ্বোধনের সময় তিনি এ সব কথা বলেন।

কেসিসি মেয়র আরও বলেন, দেশ স্বাধীনের পর ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। আর সেই ষড়যন্ত্রকারীরা ২১ বছর আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখেছিল। সে সময় অধ্যাদেশ আর কালো আইন জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারও করতে দেওয়া হয়নি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।