কামরান আকমল বা উমর আকমল, দুই ভাইয়ের কেউই প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। বিশেষ করে শৃঙ্খলাজনিত কারণে বারবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন। উমর তো এখন ক্রিকেটে নিষিদ্ধই। কামরান অনেক দিন ধরেই জাতীয় দলে নেই। তবে এর মধ্যেও টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক নজির গড়লেন কামরান।
উইকেটের পেছনে এমন এক কীর্তি গড়েছেন কামরান যা মহেন্দ্র সিং ধোনি বা অ্যাডাম গিলক্রিস্টদের মতো উইকেটরক্ষকদেরও নেই। প্রথম উইকেটরক্ষক হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ স্টাম্পিংয়ের নজির গড়েছেন কামরান।
পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাদার্ন পাঞ্জাব এবং সেন্ট্রাল পাঞ্জাবের ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। যদিও জাতীয় দলে এই কামরানই উইকেটের পেছনে ফেলেছেন অনেক সহজ ক্যাচ। মিস করেছেন স্টাম্পিং। ফলে ভুগতে হয়েছে পাকিস্তানকে। কামরান এনিয়ে সমালোচিতও হয়েছেন অনেক।