ফ্রান্সের ৯ শহরে কারফিউ

ফ্রান্সে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার ঠেকাতে রাজধানী প্যারিসসহ ৯ শহরে এক মাসের রাত্রিকালীন কারফিউ জারির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। গত বুধবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ম্যাক্রোঁ এমন ঘোষণা দেন বলে জানিয়েছে এএফপি।

সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, আগামী শনিবার (১৭ অক্টোবর) থেকে কারফিউ কার্যকর হবে। চলবে অন্তত চার সপ্তাহ। ওইসব অঞ্চলের অধিবাসীদের রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরেই থাকতে হবে। কারফিউ ভঙ্গ করলে গুনতে হবে জরিমানা। ওই ভাষণ সম্প্রচারের কিছুক্ষণ আগেই ফ্রান্স সরকার নতুন করে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে।

এদিকে ইউরোপের অন্য দেশগুলোর মতো ফ্রান্সও করোনাভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে। গত বুধবার দেশটিতে নতুন করে ২২ হাজার ৫৯১ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো ফ্রান্সে দৈনিক সংক্রমণ ২০ হাজার ছাড়িয়েছে।