করোনার নিউ নরমালে শুক্রবার খুলছে ভারতীয় সিনেমা হল। এ দিন আবারও মুক্তি পাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। আর আগের দিন কি-না ছবির মুখ্য অভিনেতার বাড়িতে মাদক ব্যবসায়ীকে খুঁজতে হানা দিল পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ড্রাগ সরবরাহে অভিযুক্ত লুকিয়ে রয়েছে বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের বাড়িতে! এই অভিযোগে বৃহস্পতিবার দুপুরে তার মুম্বাইয়ের বাড়িতে হানা দেয় কর্ণাটক পুলিশ।
তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও অভিযুক্তের সন্ধান মেলেনি। এ কাণ্ডে ভারতের মাদক কাণ্ডে নতুন মুখ হিসেবে জড়ালেন এ বলিউড অভিনেতা।
কন্নড় সিনেমার দুনিয়ায় স্যান্ডলউড ড্রাগ পাচার নিয়ে তোলপাড় চলছে। ইতিমধ্যে এ চক্রে যুক্ত থাকার অভিযোগে নামী গায়িকা ও অভিনেতা-সহ ১৫ জন গ্রেপ্তারও হয়েছে।
কন্নড় তারকাদের মাদক দেওয়ার অভিযোগ উঠেছে কর্ণাটকের সাবেক মন্ত্রী জীবরাজ আলভার ছেলে আদিত্যর বিরুদ্ধে। তিনি আবার সম্পর্কে বিবেক ওবেরয়ের শ্যালক। অভিযোগ ওঠার পর থেকেই আদিত্য বেপাত্তা। তার খোঁজে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়েছে পুলিশ কিন্তু হদিস মেলেনি।
বলিউড অভিনেতার বাড়িতে আদিত্য লুকিয়ে আছে বলে খবর পায় কর্ণাটকের পুলিশ। সেই খবরের ওপর ভিত্তি করে এদিন দুপুরে তার বাড়িতে চড়াও হয়। যদিও দুলাভাইয়ের বাড়িতে গিয়ে শ্যালকের হদিস মেলেনি।
বেঙ্গালুরু পুলিশের যুগ্ম কমিশনার সন্দীপ পাতিল জানান, “আদিত্য আলভা পলাতক। বিবেক ওবেরয় তার আত্মীয়। আমরা খবর পেয়েছিলাম, আদিত্য এখানে আত্মগোপন করে আছে। তাই কোর্টের অর্ডার নিয়েই আমাদের অপরাধ দমন শাখার সদস্যরা মুম্বাই গেছে।”
এর আগে মোদির বায়োপিকের প্রযোজকের বিরুদ্ধেও মাদক নেওয়ার অভিযোগ ওঠে।