জন গ্রিশামের বেসবল উপন্যাস ‘ক্যালিকো জো’ অবলম্বনে সিনেমা পরিচালনা করছেন হলিউড তারকা জর্জ ক্লুনি। তার সঙ্গে মিলে চিত্রনাট্য করছেন গ্র্যান্ট হেসলভ। আর তাদের সঙ্গে ছবিটি প্রযোজনা করছেন সাহিত্যে নোবেল বিজয়ী গায়ক-গীতিকার বব ডিলান।
ফিকশন ‘ক্যালিকো জো’ প্রকাশ হয় ২০১২ সালে। ১৯৭৩ সালের গ্রীষ্মের প্রেক্ষাপটে এর গল্প। প্রতিপক্ষের ছোড়া বলের আঘাতে এক তারকা খেলোয়াড়ের জীবন বদলে যায়— এ ঘটনার ওপর ফোকাস করে লেখা হয়েছে উপন্যাসটি। যার গল্প তিন দশক পর পর্যন্ত বিস্তৃত। এতে উঠে এসেছে বাবা-ছেলের গল্প, ক্ষমা ও মুক্তি। আর পুরো আবহ জুড়ে আছে বড় বেসবলের লিগের প্রেক্ষাপটে।
‘ক্যালিকো জো’ নিয়ে এক বিবৃতিতে ক্লুনি ও হেসলভ জানান, জন দারুণ একটি গল্প লিখেছেন। আর ববের সঙ্গে মিলে সেই গল্পটি পর্দায় আনার সুযোগ এক কথার চমৎকার ঘটনা।
বব ডিলান নিজেও এই প্রজেক্ট নিয়ে খুশি। জানান, এই বই তিনি যেভাবে দেখেছেন একইভাবেই দেখেছে ক্লুনি ও হেসলভ। শক্তিশালী গল্পটি সমাজের সব মানুষকে অনুরণিত করবে।
এ দিকে ক্লুনি ও হেসলভের প্রযোজনা প্রতিষ্ঠান স্মোকহাউস থেকে নির্মিত হচ্ছে ‘দ্য মিডনাইট স্কাই’। নেটফ্লিক্সের জন্য সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন ক্লুনি।
সম্প্রতি নিজের বায়োপিকে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন বব ডিলান। তার প্রতিষ্ঠানের নাম গ্রে ওয়াটার পার্ক প্রডাকশনস। জেমস ম্যানগোল্ডের পরিচালনায় ছবির নাম ভূমিকায় আছেন টিমোথি চ্যালামেট।