স্পিনিং মিল শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

নরসিংদী শহরে এক স্পিনিং মিল শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার দুপুরে নির্যাতিতা ওই নারী সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় বিকেলে অভিযুক্ত দুই আসামি চৌয়ালা এলাকার ওয়ারিশ আলীর ছেলে মো. মণির (৩২), মতি মিয়ার ছেলে মো. হাসানকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার (পিপিএম) জানায়, ওই নারী শ্রমিক স্থানীয় একটি স্পিনিং মিলে শ্রমিকের কাজ করেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাবার কেনার জন্য মিলের বাইরে বের হন। বালুর মাঠ সংলগ্ন গোলাপ মেম্বরের মিলের দক্ষিণ-পূর্ব কোণে তিনি পূর্ব পরিচিত ইয়ামিন নামে এক ছেলের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ঘটনাস্থলে মণিরসহ আরও তিন অজ্ঞাত যুবক এসে ইয়ামিনকে মারধর করে আহত করে এবং ওই নারী শ্রমিককে বালুর মাঠের একটি খোলা জায়গায় নিয়ে যায়। পরে সেখানে তাকে দল বেঁধে ধর্ষণ করে অভিযুক্তরা পালিয়ে যায়।

শুক্রবার দুপুরে মণিরসহ অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন নির্যাতনের শিকার ওই নারী শ্রমিক। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে আসামিদের শনাক্ত করে বিকেলে মণির ও হাসানকে গ্রেপ্তার করা হয়।

নির্যাতিত নারীকে আদালতের মাধ্যমে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।