মা ইলিশ রক্ষা কার্যক্রমের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার করায় চাঁদপুরে ১০ এবং টাঙ্গাইল ও মাদারীপুরে তিনজন করে ছয় জেলেকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
চাঁদপুর : ১০ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানকালে মতলব উত্তর উপজেলা থেকে সাত এবং হাইমচর উপজেলা থেকে তিন জেলেকে ইলিশ ধরার সময় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৩ কিলোমিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পোড়ানো হয়। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী জানান, মা ইলিশ রক্ষা অভিযানে ১০টি টিম দিন-রাত ২৪ ঘণ্টা চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকা পাহারা দিচ্ছে।
টাঙ্গাইল : নাগরপুর উপজেলার যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে তিন জেলে ও মাছ ধরার জাল আটক করা হয়। গত বৃহস্পতিবার রাতভর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস যমুনা নদীর নাগরপুর উপজেলার সলিমাবাদ অংশে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর। অভিযানে আটক তিন জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
মাদারীপুর : শিবচরে পদ্মায় ইলিশ ধরার অপরাধে তিন জেলেকে এক বছর করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মাহবুবুল হক এ সাজা দেন। এ সময় সাত হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।