নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া দুটি ছাগলকে উদ্ধার করতে নেমে বিষাক্ত গ্যাসে দুই চা শ্রমিক মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের বাউরি টিলা শ্রমিক বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেল ৫টার দিকে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে দুই চা শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেন।
ঘটনাস্থলে গেলে চা শ্রমিকরা জানান, বাউরি টিলা শ্রমিক বস্তি এলাকায় রাবন বাউরির বাসার টয়লেটের ৩০ ফুট গভীর নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকে গতকাল সকালে দুটি ছাগল পড়ে যায়। পড়ে যাওয়া ছাগল উদ্ধারে মৃত মোহন বাউরির ছেলে চা শ্রমিক দুর্গা চরণ বাউরি (২৫) ট্যাংকে নেমে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করতে নামেন রাবন বাউরির ছেলে চা শ্রমিক রাজু বাউরি (২৫)। কিন্তু ভেতরের বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুজন ট্যাংকেই মারা যান।
শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী বলেন, দুর্গাপূজার আগে চা বাগানের দুজন চা শ্রমিকের মৃত্যুতে চাতলাপুর চা বাগানে শোকের ছায়া নেমে এসেছে। কমলগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ দলের কর্মকর্তা আবদুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।