ঢাকা-৫ উপনির্বাচন: বিএনপির এজেন্টদের আইডি নিয়ে যাওয়ার অভিযোগ

ঢাকা-৫ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের মাত্র একদিন আগে বিএনপির প্রার্থীর কিছু পোলিং এজেন্টদের অরিজিনাল আইডি আওয়ামী লীগের প্রার্থীর লোকজন নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাতে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের প্রধান নির্বাচন সমন্বয়কারী ঢাকা মহানগর দক্ষিনের সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন এ অভিযোগ করেছেন।

তিনি বলেন, ৪৮ নং ওয়ার্ডের কেন্দ্র নং ৮, ১০, ১১ সবুজবিদ্যাপিঠ এবং কেন্দ্র নং ৯ মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়ার প্রিজাইডিং অফিসার আমাদের কয়েকজন পোলিং এজেন্টের ফটোকপি আইডি দিয়ে বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল অরিজিনাল আইডি কার্ড জোর করে নিয়ে গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে শনিবার এ উপ নির্বাচনে ভোটগ্রহণ হবে। সাংসদ হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা গেলে ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলীর আংশিক এলাকা নিয়ে গঠিত এ আসনে উপ নির্বাচনের তফসিল দেয় ইসি।