তিন কোটি টাকার বিনিময়ে মাত্র একটি ম্যাচ খেলেই বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্কের ইতি টানতে হলো আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোসকে। বৃহস্পতিবার দলের সঙ্গে শেষবারের মতো অনুশীলন করে সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়েছেন লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনা দলে খেলা এই তারকা। অনেক আশা নিয়েই বার্কোসকে উড়িয়ে এনেছিল কিংস। করোনাকাল শুরুর আগে এএফসি কাপের প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে একাই চার গোল করেন বার্কোস। এরপর করোনার কারণে খেলা স্থগিত হয়ে গেলে দেশে ফিরে যান। এএফসি কাপের নতুন সূচি হলে ক্যাম্পে যোগ দিয়েছিলেন। তার সঙ্গে কিংসের চুক্তির মেয়াদ ছিল আসছে ডিসেম্বর পর্যন্ত। এরপর তাকে ধরে রাখা যাবে না বলে আগেভাগেই বার্কোসকে বিদায় করে দিল কিংস। সভাপতি ইমরুল হাসান বলেন, ‘চুক্তি অনুযায়ী তাকে দিয়ে হয়তো ফেডারেশন কাপটা খেলাতে পারতাম। কিন্তু আমাদের পুরো মৌসুমের জন্য একজন ভালোমানের স্ট্রাইকার প্রয়োজন। তাই তাকে আগেভাগেই ছেড়ে দিলাম।’