সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল মাত্র ১১ ঘণ্টার মধ্যেই প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্র্তৃপক্ষ। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর ৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর রাত সাড়ে ৯টায় ফল প্রকাশ করা হয়।
বিএসএমএমইউ কর্র্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল কোনো ধরনের অভিযোগ ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ফলাফল প্রকাশের সব প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করে রাত সাড়ে ৯টায় পরীক্ষার ফলাফল বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং নোটিস বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ৬০০ পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫ হাজার ৮২১। সকালে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।