বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক-গর্ভপাত: মামলায় মিঠুনের স্ত্রী-ছেলে

আইনি জটিলতায় পড়লেন ভারতীয় সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে অভিনেতা মহাক্ষয় ওরফে মিমো ও তার মা যোগিতা বালি।

মিমোর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক, প্রতারণা ও জোর করে গর্ভপাতের অভিযোগ করেছেন এক তরুণী। যোগিতা বালির বিরুদ্ধে উঠেছে নির্যাতিতাকে ভয় দেখানোর অভিযোগ।

নির্যাতিতার দাবি, ২০১৫ সালে মিমো তাকে বাড়িতে ডেকে পাঠায়। তিনিও সেই ডাকে সাড়া দিয়ে বাড়িতে যান। অভিযোগ, মাদক মিশ্রিত ঠান্ডা পানীয় ওই তরুণীকে খেতে দেন মিমো। তিনি প্রায় অচৈতন্য হয়ে পড়েন। সেই সুযোগে মিমো তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন।

এরপর চার বছর ধরে সম্পর্ক ছিল তাদের। বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন মিমো। সম্পর্কের বছর চারেক পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী। সে কথা জানালে বিয়ে করতে অস্বীকার করেন। গর্ভপাতের জন্য চাপ দিতে থাকেন। তবে তাতে রাজি হননি তরুণী। তাই না জানিয়ে ওষুধ খাইয়ে গর্ভপাত করান বলেও অভিযোগ।

নির্যাতিতার আরও অভিযোগ, মিঠুনের স্ত্রী যোগিতা বালিও তাকে হুমকি দেন।

২০১৮ সালে মিমো বিয়ে করেন। ওই সময় নির্যাতিতা তরুণী ধর্ষণের মামলা করার চেষ্টা করেন। তবে পুলিশ তার অভিযোগ নিতে অস্বীকার করে। এরপর দিল্লিতে চলে যান নির্যাতিতা। দিল্লির রোহিণী আদালতে তিনি একটি মামলা রুজু করেন। এফআইআর দায়েরের আবেদন জানান তরুণী।

প্রাথমিক প্রমাণাদির ভিত্তিতে আদালত এফআইআর দায়েরের নির্দেশ দেন। সেই অনুযায়ী ওশিওয়াড়া থানায় মিঠুনপুত্র মিমো ও যোগিতা বালির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।