কলারোয়ায় আলোচিত ৪ খুন: জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ার একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালন করেছেন পরিবারের লোকজন ও স্থানীয়রা।

শনিবার দুপুরে নিহত শাহিনুরের বাড়ি সংলগ্ন যশোর-সাতক্ষীরা সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন হেলাতলা ইউপি সদস্য আব্দুস সাত্তার, ইউপি সদস্য সোহরাব, মহিলা ইউপি সদস্য মমতাজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, নিহত শাহিনুরের মা শাহিদা খাতুন, বোন আছিয়া খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, গভীর রাতে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যদি প্রকৃত আসামিরা ধরা না পড়ে, তাহলে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। তারা হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান।

প্রসঙ্গত, ১৫ অক্টোবর ভোররাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে শাহিনুর, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে মাহি ও মেয়ে তাসনিমকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত শাহিনুরের ভাই রায়হানকে গ্রেপ্তার করে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে সিআইডি পুলিশ।