মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে লোহার অ্যাঙ্গেল পড়ে নারী নিহত

রাজধানীর মোহাম্মদপুরে একটি নির্মাণাধীন ৫ম তলা ভবন থেকে লোহার অ্যাঙ্গেল মাথায় পড়ে নাহার বেগম (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার সাদেক খান রোডে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় নাহার বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি বরিশাল গৌরনদী উপজেলায়। আর স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। স্বামী প্রাইভেটকার চালক মো. আনোয়ার হোসেন ও দুই ছেলে এক মেয়ে সহ সাদেক খান রোডের কমিউনিটি সেন্টার গলি ২৬/২ নম্বর টিনশেড বাসায় ভাড়া থাকত তারা।

স্বামী আনোয়ার হোসেন জানান, বিকেলে টিনশেড বাসার সামনে ছিল তার স্ত্রী নাহার বেগম। বাসার সামনেই একটি নির্মাণাধীন ভবন রয়েছে। ওই ভবনের পাঁচতলা থেকে একটি ভারী লোহার অ্যাঙ্গেল নাহারের মাথার ওপর পড়ে। এতে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছেলে মো. সোহাগের অভিযোগ অভিযোগ, ভবনটিতে দীর্ঘদিন নির্মাণকাজ করা হলেও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। ভবনের চার পাশে কোনো নেটও টানানো নেই। এর আগেও বিভিন্নসময় ওপর থেকে ইট-পাটকেল নিচে পড়েছে। তবে তখন কেউ আহত হয়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।