ঢাকা-১৮ বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না: আমান উল্লাহ আমান

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ আমান।

তিনি বলেন, মামলা-হামলা যাই হোক সবকিছু মোকাবিলা করে নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। কোন কেন্দ্র এজেন্টবিহীন থাকবে না। কেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেওয়া যাবে না। প্রয়োজনে লড়াই করে কেন্দ্রে টিকে থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

শনিবার ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীরের নির্বাচন প্রস্তুতি উপলক্ষে যুবদলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্য নির্বাচনগুলোতে আওয়ামী লীগ যেভাবে ভোট ডাকাতি করেছে, কারচুপি করেছে, ভোটারশূন্য নির্বাচন করেছে এখানে এ রকম করতে দেওয়া হবে না। প্রয়োজনে এখান থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু হবে। মানুষের ভোটের অধিকার ফেরাতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা প্রস্তুত।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ফজলুল হক মিলনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচনের সমন্বয়কারী আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এফএম আব্দুল হালিম নকি, সাবেক ছাত্র নেতা হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আকরামুল হাসান, মহানগর বিএনপি নেতা এজি এম শামসুল হক, এবিএম আবুর রাজ্জাক।

এ সময় ঢাকা-১৮ আসনের ধানের শীষে প্রার্থী এস এম জাহাঙ্গীর নেতা-কর্মীদের মাঠে থেকে কাজ করার আহ্বান জানান।