‘প্রধান নির্বাচকের পরিবর্তনে মিসবাহকে প্রধান কোচের দায়িত্বে রাখা বড় এক ভুল। সে প্রধান নির্বাচক পদের জন্যই বেশি উপযুক্ত। কোচিংয়ে তার ভালো কোনো ভবিষ্যৎ নেই। অতীতেও এই ধরনের পরীক্ষা-নিরীক্ষা চরমভাবে ব্যর্থ হয়েছে। আমরা হয়তো আরও ধ্বংসের দিকে এগোচ্ছি।’ এই মূল্যায়ন
পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদের। দুটি বড় দায়িত্বের একটি ছেড়েছেন মিসবাহ-উল-হক। কিন্তু সেখানেই বড় গলদ দেখছেন আকিব জাভেদ। দ্বৈত দায়িত্ব নিয়ে এক বছর ধরে বিতর্কের পর কদিন আগে প্রধান নির্বাচকের পদ থেকে সরে যান সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।
পিসিবির সমালোচনা করে আকিব বলেছেন, ‘তারা প্রথম ভুল করেছিল মিসবাহকে দ্বৈত দায়িত্ব দিয়ে। এখন দ্বিতীয় ভুল করল প্রধান নির্বাচকের পরিবর্তে তাকে প্রধান কোচের দায়িত্বে রেখে। উঠতি তরুণদের সম্পর্কে ভালো ধারণা আছে তার। বিভিন্ন ম্যাচ ও পারফরম্যান্স দেখে তরুণ প্রতিভা তুলে আনতে পারত সে। দুনিয়ার কোথাও কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়া কাউকে জাতীয় দলের কোচ করা হয় না।’