সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ মারা গেছেন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক জ্বালানি  প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন (এফসিএ) গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান বাচ্চু। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ১৯৯৬ সালে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন মোশাররফ। একই বছর ময়মনসিংহ-৫ আসন থেকে দলীয় মনোনয়নে সাংসদ হন। ২০০১ সালে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০৫ সাল পর্যন্ত তিনি জ্বালানি  ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।