হিমায়িত খাবারের প্যাকেটে করে নভেল করোনাভাইরাস অনেক দূর পর্যন্ত যেতে পারে বলে সতর্ক করেছে চীন।
দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে স্থানীয় সময় শনিবার বলা হয়েছে, হিমায়িত খাবারে দীর্ঘ সময় নভেল করোনাভাইরাস বেঁচে থাকতে পারে।
এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন গবেষণা করছিল চীন। এখন তারা সিদ্ধান্ত জানাল।
এর আগে সিঙ্গাপুরের গবেষকেরাও একই কথা জানান।
কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি পরিচালিত বায়ো আর্কাইভ প্রিপ্রিন্ট সার্ভারে এ সংক্রান্ত একটি নথি প্রকাশ করেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষকে তারা সতর্ক করে বলেছেন, ফ্রিজিং তাপমাত্রায় করোনা দীর্ঘদিন টিকে থাকতে পারে বলে দূষিত বা সংরক্ষিত খাবারে রোগটি ছড়াতে পারে।
সিঙ্গাপুরের সুপার মার্কেট থেকে স্যামন মাছ এবং মুরগির মাংস সংগ্রহ করে ফ্রিজে রাখার আগে করোনাভাইরাসের সংস্পর্শে নেয়া হয়।
এরপর ফ্রিজের সাধারণ তাপমাত্রা ৪সি থেকে মাইনাস ২০সি’তে ওই মাছ-মাংস রাখা হয়।
২১ দিন পরও তাতে ভাইরাসের উপস্থিতি মেলে!
বিজ্ঞানীদের শঙ্কা, যেসব দেশে দীর্ঘদিন করোনা নেই সেখানে নতুন করে ফ্রিজের খাবারের কারণে করোনা ছড়াতে পারে।
গবেষকেরা লিখেছেন, ‘ফ্রিজের খাবার থেকে করোনার সংক্রমণ যদিও উল্লেখযোগ্য কোনো রুট নয়, তবু এই গবেষণা আমাদের চিন্তায় ফেলছে। সংক্রমিত কোনো খাবার সম্পর্কে ধারণা না থাকলে বিপদে পড়তে পারেন সাধারণ মানুষ।’