আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে প্রিন্স মাহমুদের গান, অভিমানে ফেসবুকেই প্রকাশ

১৮ অক্টোবর বরেণ্য সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে একটি গান প্রকাশ করলেন প্রিন্স মাহমুদ। অনেকটা অভিমান নিয়েই তানজীর তুহিনের গাওয়া ‘আলো’ শিরোনামের গানটি ফেসবুকে মুক্তি দিলেন প্রিন্স মাহমুদ। গানটি প্রকাশের পর নেটিজেনদের ভূয়সী প্রশংসায় ভাসছেন প্রিন্স মাহমুদ ও তানজীর তুহিন।

প্রিন্স মাহমুদ বলেন, ‘গানটা শুরুর দিকের একটা ডেমো মাত্র। মূল গানটার কাজ চলছে। কিছুটা রাগ কিছুটা অভিমানেই আজ আপনাদের শুনিয়ে ফেললাম, যা কখনো করিনি। যদি ভালো লেগে যায়।’

গানটির বিষয়বস্তুর কথা জানিয়ে প্রিন্স মাহমুদ লিখেছেন—‘এটা এই করোনাকালীন ভয়াবহ সময়ের উপলব্ধি। যদিও বাসায় বা ভার্চুয়াল জগতে সবাইকে অভয় দিয়ে যাচ্ছিলাম। কিন্তু মৃত্যুভয় সত্যি আমাকেও পেয়ে বসেছিল। সেই উপলব্ধির অনুরণন-ই ‘আলো’। দেখেন তো আপনাদের সঙ্গে মেলে কিনা?’

গানটির সুর করেছেন প্রিন্স মাহমুদ। তিনি আরো লিখেছেন—‘চলে যাব রেখে যাব গান, এই পিছুটান কী করে ছাড়বো? ছেলেটাকে বুকেতে জড়ায় গাল ভরে চুমু কি খেতে পারব? নির্মাণের এই মায়াজাল ছেড়ে যাবে না যাবে না ভাবে মন, ফসল বেঁধে বাধি প্রাণের ঘাঁটি—তাতেই পূর্ণ প্রলোভন। এই পথ ভ্রমণ পাঠ সরবে, বিস্মৃতির অতল গর্ভে হারাবো ভাবতেই চোখ ধরে আসে।’