শরীয়তপুর সদর উপজেলার কোটাপাড়ায় পল্লীবিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কারের সময় বিদ্যুৎ সঞ্চালন করে দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার শ্রমিক। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে এবং দুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইল জেলার নাটেরপুল গ্রামের মৃত আবুল কালামের ছেলে সোহেল (২৩) ও গাইবান্ধা জেলার বিশ^নাথপুর গ্রামের মৃত দিদাসার ছেলে আরিফ (২২)।
শ্রমিকরা জানান, শরীয়তপুর সদর উপজেলার কোটাপাড়া-গাগরীজোড় এলাকায় সকাল থেকে পল্লীবিদ্যুতের লাইন সম্প্রসারণ কাজের অংশ হিসেবে ঠিকাদারের চুক্তিভিত্তিক পারিশ্রমিকে শ্রমিকরা কাজ করছিলেন। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে সম্প্রসারণ লাইনে সংযোগ (পাওয়ার) চালু করে দেয় শরীয়তপুর পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ। তখন এ দুর্ঘটনা ঘটে। তবে শরীয়তপুর পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) জুলফিকার আলী দাবি করে বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সঞ্চালন লাইন বন্ধ ছিল। কীভাবে এ শ্রমিকরা মারা গেছে তা আমার জানা নেই।