কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার পরিত্যক্ত শৌচাগার থেকে সানজিদা (৫) নামে নিখোঁজ এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ৭টায় সদর উপজেলার হরিনারায়ণপুর কাচারি মাঠের একটি পরিত্যক্ত শৌচাগার থেকে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করো হয়।
নিহত শিশু সানজিদা পার্শ্ববর্তী পূর্ব আব্দালপুর গ্রামের কাচারীপাড়ার বাসিন্দা সোহাগ হোসেনর মেয়ে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রতন জানান, রবিবার দুপুর থেকে শিশুটিকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার।
পরে স্থানীয়রা উক্ত এলাকার একটি পরিত্যক্ত শৌচাগারে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে সুরতহাল প্রস্তুতসহ লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিতে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটির সঙ্গে আরও কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।
শিশু হত্যার বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি বলেও জানান ওসি।