উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট নির্বাচনে তুর্কিপন্থী নেতার জয়

উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেছেন তুরস্কপন্থী নেতা এরসিন টাটার। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট মুস্তাফা আকিনচিকে হারান তিনি।

১৯৭৪ সালে সাইপ্রাসে গ্রিস অভিযান চালালে তুরস্কের প্রতিরোধের মুখে দুইভাগে ভাগ হয়ে যায় ভূমধ্যসাগরের দ্বীপ রাষ্ট্রটিতে। তুরস্ক সমর্থিত উত্তর সাইপ্রাস স্বল্প স্বীকৃত রাষ্ট্র হিসেবে পরিচিত।

বিবিসি জানায়, নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৬৭ দশমিক ৩ শতাংশ। ৬০ বছর বয়সী নেতা টাটার ৫১.৭৪ শতাংশ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকিনচি পান ৪৮.২৬ শতাংশ।

তুর্কিপন্থী এরসিন উত্তর সাইপ্রাসের উত্তর সাইপ্রাসের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখার পক্ষপাতী। ফলে তুরস্কের সমর্থন ছিল তার প্রতি। অন্যদিকে আকিনচি হচ্ছেন দুই সাইপ্রাসের ঐক্যের পক্ষে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সমর্থক হিসেবে পরিচিত টাটার। নির্বাচনে জেতার পর উত্তর সাইপ্রাসের এ নেতাকে অভিনন্দনও জানান তুর্কি প্রেসিডেন্ট।

এক টুইটে এরদোয়ান বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি এরসিন টাটারকে অভিনন্দন জানাচ্ছি। তুরস্ক তাকে ও তার দেশের মানুষদের সব ধরনের সহায়তা দিয়ে যাবে।’

উত্তর সাইপ্রাসে মোট ভোটারের সংখ্যা দুই লাখ। গত সপ্তাহে প্রথম দফা নির্বাচনে কেউ সংখ্যাগরিষ্ঠতা না পেলে রবিবার দ্বিতীয় দফা ভোটে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হয়।

আকিনচি ২০১৫ সালে ৬০ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন উত্তর সাইপ্রাসের চতুর্থ প্রেসিডেন্ট।