টানা তিন ম্যাচে ব্যর্থ দুই তামিমের জুটি

একজন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আরেকজন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিম। অভিজ্ঞ ও তারুণ্যের এই যুগলবন্দী পরপর তিন ম্যাচেই দর্শকদের হতাশ করল।

বিসিবি প্রেসিডেন্টস কাপে সোমবার মাহমুদউল্লাহ একাদশের রুবেল হোসেন ভাঙেন এই জুটি। এক রান করে প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা নাঈম শেখের ক্যাচ হন তানজিদ।

বড় তামিমও টিকতে পারেননি বেশিক্ষণ। বিদায় নেন আবু হায়দার রনির বলে। সাব্বির রহমানের হাতে ক্যাচ দেন তিনি।

অফ স্ট্যাম্পের বেশ বাইরের বলে স্কয়ারকাট করতে যান। প্রায় ৫ ফুট উচ্চতা দিয়ে যাওয়া সেই বলকে অসামান্য দক্ষতা ও ক্ষিপ্রতায় ধরে ফেলেন সাব্বির। বল তার বাঁ-দিক দিয়ে চলে যাচ্ছিল। সাব্বির শূন্যে শরীর ছুড়ে দিয়ে ধরে ফেলেন।

প্রথম ম্যাচে ৯ বলের মাথায় তামিম ইকবাল আউট হয়েছিলেন। সেদিন রুবেল হোসেনের বলে ৪ রানের মাথায় ভেঙে যায় ওপেনিং জুটি। নাজমুল হোসেন শান্ত একাদশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১১ বল দীর্ঘ হয় তাদের জুটি। দলীয় ১৪ রানের মাথায় সাজঘরে ফেরেন তানজিদ।

এদিন তারা দুজনে মিলে করতে পেরেছেন ৯।