চীনকে ঠেকাতে উচ্চ পর্যায়ের মালাবার নৌ মহড়ায় যোগ দিচ্ছে অস্ট্রেলিয়াও। সোমবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে। এনডিটিভির খবর।
মালাবার হলো যুক্তরাষ্ট্র, জাপান এবং ভারতের একটি ত্রিপক্ষীয় নৌ মহড়া। চলতি বছরের নভেম্বরে আরব সাগর ও বঙ্গোপসাগরে এ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে।
মূলত ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৯৯২ সালে এ নৌ মহড়া শুরু হয় । ২০১৫ সালে জাপান তাদের সঙ্গে যোগ দেয়। সর্বশেষ অস্ট্রেলিয়া এই নৌ-মহড়ায় জোটে যোগ দিল।
২০১৮ সালে ফিলিপাইন সাগরের গুয়াম উপকূলে মালাবার মহড়া অনুষ্ঠিত হয়েছিল। ২০১৯ সালে মহড়া হয় জাপান উপকূলে।
চলতি মাসের প্রথম দিকে টোকিওতে কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মালাবারে অস্ট্রেলিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনার জন্য উঠে আসে।
বেইজিংয়ের জন্য স্পর্শকাতর হওয়ায় এত বছর এ সামরিক মহড়ায় অস্ট্রেলিয়ার অন্তর্ভুক্তি নিয়ে অনাগ্রহ প্রকাশ করে আসছিল ভারত।
তবে জাপান ও যুক্তরাষ্ট্র এ মহড়ায় অস্ট্রেলিয়ার অন্তর্ভুক্তির জন্য চাপ দিচ্ছিল। এর মধ্যে সীমানা বিরোধ নিয়ে চীনের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ায় ভারত জানাল, অস্ট্রেলিয়াও যোগ দিচ্ছে মালাবারে।
ভারত ও প্রশান্ত মহাসাগরে চীনের আধিপত্য খর্ব করতে টোকিওতে দুই দিনের বৈঠকে বসেছিল এ চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
দুই মহাসাগরে নৌ চলাচল অবাধ ও স্বাধীন রাখার উপায় খুঁজতে এ চার দেশ ২০০৭ সালে কোয়াড নামে এ সংলাপ শুরু করেছিল।