আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির সঙ্গে সংশ্লিষ্টতা, বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্র গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনজন বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হলেও বিষয়টি সোমবার গণমাধ্যমকে জানায় সিটিটিসি।

গ্রেপ্তারকৃতরা হলেন- বোরহান উদ্দিন (২৬), আবদুল্লাহ আল-মাহমুদ (২৫) ও অভি হোসেন (২৫)। তারা প্রত্যেকেই বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী।

সিটিটিসি’র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ জানান, গত বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুর, পল্লবী ও রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান,  গ্রেপ্তারকৃতরা নিজেদের পরিচয় গোপন করে দেশি-বিদেশি বিভিন্ন উঠতি বয়সী শিশু ও প্রাপ্ত বয়স্ক মেয়েদের সঙ্গে পরিচিত হতো।

ওই কর্মকর্তার দাবি, পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়েবসাইটের মাধ্যমে শিশুদের অসামাজিক কাজে উৎসাহিত করে অভিযুক্তরা ন্যুড কনটেন্ট সংগ্রহ করত এবং তা বিভিন্ন ওয়েবসাইটে প্রচার করত। এসব অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের এক দিনের রিমান্ড শেষে রবিবার আদালতে পাঠানো হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।