স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না দেওয়ায় নিজের গলায় নিজেই ছুরিকাঘাত করেছে এক কিশোর। সোমবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলায় মদন-নেত্রকোনা সড়কের ওয়ার খালের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত রাকিব হাসান (১৭) উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহপুর পশ্চিম পাড়া গ্রামের নুর নবীর ছেলে।
জানা যায়, উপজেলার চাহাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উপজেলা সদর থেকে দুপুরে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। বটতলা এলাকায় রাকিব ছাত্রীকে পথের মধ্যে গতিরোধ করে প্রেমের প্রস্তাব দেয়। এতে ছাত্রী সম্মতি না দেওয়ায় ভয়ভীতিসহ তাকে ছুরিকাঘাত করার চেষ্টা চালায়। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য সহপাঠী ও পথচারীরা রাকিবকে প্রতিহত করার চেষ্টা করে। একপর্যায়ে রাগান্বিত হয়ে রাকিব নিজের গলায় নিজেই ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থার উদ্ধার করে রাকিবকে মদন হাসপাতালে নিয়ে আসে। রাকিবের অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক মারজাহান রুজি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করেন।
মদন থানার ওসি আহম্মেদ কবির হোসেন এ বিষয়ে দেশ রূপান্তরকে বলেন, অভিযোগ এখনো পাইনি। তবে এ বিষয়ে খোঁজ নিতে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টির প্রতি নজর রাখা হচ্ছে।